জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এই আদেশ দেন।
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচার সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে—এমন দাবি করে গত ২ ও ১৩ সেপ্টেম্বর করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, অবকাশকালীন বেঞ্চ মামলাটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন, কারণ বিষয়টিতে দীর্ঘ সময় শুনানির প্রয়োজন রয়েছে। তাই অবকাশের পর নিয়মিত বেঞ্চে শুনানির জন্য এটি পুনরায় দাখিল করা হবে।
এর আগে গত রোববার অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছিলেন। রিটে ফৌজদারি বিচারব্যবস্থার স্বীকৃত নীতিমালা লঙ্ঘন করে বিচারাধীন, তদন্তাধীন বা অনুসন্ধানাধীন বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করা থেকে বিরত থাকার নির্দেশনা চাওয়া হয়। এছাড়া রিটে রুল জারি হলে বিচারাধীন অবস্থায় কোনো নাগরিকের বিরুদ্ধে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রোপাগান্ডা বা মিডিয়া ট্রায়াল না করার নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আসিফ মাহমুদের যে সুনাম ক্ষুণ্ন করা হয়েছে, সেভাবে দুদককে তাদের ভুল স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার নির্দেশনাও চাওয়া হয়েছিল।