নিজস্ব প্রতিবেদকঃ
নিবন্ধন অধিদফতরের অধীন সাব-রেজিস্ট্রি অফিসগুলোকে দেশের অন্যতম আস্থাশীল ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে চায় সরকার। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সততা, পেশাগত দায়িত্বশীলতা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দুর্নীতি ও জনহয়রানির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে নিবন্ধন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং এটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম একক রাজস্ব খাত হিসেবে বিবেচনা করা হয়। অথচ অবদানের তুলনায় অধিদপ্তরটি দীর্ঘদিন অবহেলিত ছিল। এই অবস্থার পরিবর্তন ঘটাতে অধিদপ্তরের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাঁর পক্ষ থেকে কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে তিনি আশ্বস্ত করেন।
নিবন্ধন অধিদপ্তর নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা দূর করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, কোনো কোনো সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হন, যা পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা দুর্নীতির কারণে ভোগান্তি সৃষ্টি করলে এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন। স্বচ্ছতা নিশ্চিতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি পদ ব্যবহার করে নিজ এলাকায় রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনা বা চাঁদাবাজিতে যুক্ত হলে সরকার তা কোনোভাবেই বরদাশত করবে না। ভালো কাজের স্বীকৃতি ও প্রণোদনার ব্যবস্থার পাশাপাশি জনকল্যাণমূলক যেকোনো আইন বা বিধি সংশোধনে মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।