নিজস্ব প্রতিবেদকঃ
ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেন বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অভিজ্ঞতাসম্পন্ন এই সিনিয়র নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে ক্লিন ও গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে অঞ্চলভেদে ২০টি কমিটি গঠন করা হয়েছে, যেগুলোতে বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা যুক্ত রয়েছেন। এই কমিটিগুলোর কার্যক্রমের ফলে ইতিমধ্যে ইতিবাচক অগ্রগতি এসেছে এবং তারা ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে।
মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে আমিনবাজারে একটি আলাদা উইং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনেও নতুন করে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ ছাড়া সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না মানলে সংশ্লিষ্ট বাসিন্দাদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
অন্যান্য দেশের সঙ্গে তুলনা টেনে তিনি আরও বলেন, “আমরা বলতে চাই না যে ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাব। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি সত্যিকারের বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে।”