আল-আমিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান ও ব্যাপক ধরপাকড় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বিঘ্নিত করা ও বিভিন্ন মামলার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
শনিবার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, মাদক কারবার এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশের একাধিক টিম উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে একযোগে এই অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টাকারী মোট ১৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে, পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শুধু উল্লাপাড়াতেই নয়, একই রাতে সিরাজগঞ্জ জেলার সবকটি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পুলিশের এই সমন্বিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত প্রায় শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। শুক্রবার রাতের বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধী যেই হোক না কেন, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে আমাদের এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পুলিশের এই তৎপরতায় উপজেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..