মোঃ দেলোয়ার হোসেন, সাতক্ষীরা
রাষ্ট্র ও সমাজ আজ নৈতিক পতন, মানবিক বিপর্যয় এবং আত্মিক শূন্যতার গভীর খাদে নিমজ্জিত এই ভয়াবহ বাস্তবতা থেকে উত্তরণের একমাত্র পথ হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জীবনদর্শন এমন জোরালো ও আপসহীন বার্তা উচ্চারিত হলো তাঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে। বক্তারা স্পষ্ট ভাষায় বলেন, “স্রষ্টার ইবাদত ও সৃষ্টের সেবা” এই দর্শনকে উপেক্ষা করেই সমাজে দুর্নীতি, হিংসা, বৈষম্য ও নৈতিক অবক্ষয় মহামারির রূপ নিয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে পাক রওজা শরীফ প্রাঙ্গনে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, আধ্যাত্মিকতা ছাড়া শিক্ষা, মানবিকতা ছাড়া রাজনীতি এবং নৈতিকতা ছাড়া রাষ্ট্রব্যবস্থা ধ্বংসের পথেই এগোয়। আহ্ছানউল্লা (র.) এর আদর্শকে শুধু স্মরণ নয়, রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে বাধ্যতামূলকভাবে বাস্তবায়নের দাবি তোলেন তাঁরা।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ এইচ এম মাহফুজুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. রেজাউল করিম বলেন, আহ্ছানউল্লা (র.) এর চিন্তা উপেক্ষার ফলেই আজ সমাজে নৈতিক দিকনির্দেশনা বিলুপ্ত। তিনি বলেন, এই দর্শন রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থায় প্রয়োগ না করলে ভবিষ্যৎ প্রজন্ম আরও ভয়াবহ অন্ধকারে নিমজ্জিত হবে।
বিশেষ অতিথি খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনিসুর রহমান বলেন, আহ্ছানউল্লা (র.) ছিলেন আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের অকুতোভয় পথপ্রদর্শক। মূল আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. আহসানুল হাদী বলেন, তাঁর দর্শন কেবল ধর্মীয় নয় এটি একটি পূর্ণাঙ্গ মানবমুক্তির রূপরেখা, যা অগ্রাহ্য করলে জাতির আত্মিক মৃত্যু অনিবার্য।
অনুষ্ঠানে মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কার–২০২৫’ প্রদান করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. একরাম হোসেনকে। তাঁকে এক ভরি ওজনের স্বর্ণপদক, ক্রেস্ট ও এক লক্ষ টাকা চেক প্রদান করা হয়। এসময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আহ্ছানউল্লা (র.) এর আদর্শ বাস্তবায়নে ব্যর্থতা মানেই সমাজ ও রাষ্ট্রকে চরম নৈতিক ধ্বংসের দিকে ঠেলে দেওয়া।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনিসুর রহমান, সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. আহসানুল হাদী, আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক অধ্যাপক কাজী আজিজুর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য ইকবাল মাসুদ, প্রবন্ধ পাঠ করেন খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রবন্ধকার এএফএম এনামুল হক, সেবা ও তথ্য উপস্থাপন করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি আলহাজ্ব মো. সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ডক্টর কাজী আলী আজম। এসময় হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ভক্তবৃন্দসহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
এ জাতীয় আরো খবর..