টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে কোমলমতি শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামের এক সহকারী শিক্ষককে পুলিশে সোপর্দ করেছেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা। অভিযুক্ত ওই শিক্ষক নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে পাঠদান করতেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও অভিভাবকরা জানান, সহকারী শিক্ষক তপন সরকার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। সম্প্রতি ভুক্তভোগী শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরই প্রেক্ষিতে আজ দুপুরে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী বিদ্যালয়ে এসে ভিড় জমান এবং অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। মুহূর্তের মধ্যে বিদ্যালয় চত্বরে শত শত মানুষ জড়ো হয়ে তীব্র প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে এবং জনরোষ থেকে বাঁচতে শিক্ষক তপন সরকার এক অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে স্ট্রোক করার বা অজ্ঞান হওয়ার ভান ধরেন এবং নিস্তেজ হয়ে পড়ে থাকেন।
খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় সহকারী শিক্ষা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ওই শিক্ষককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার শরমিষ্ঠা রানী মজুমদার বলেন, ‘‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। অভিযুক্ত শিক্ষক লিখিত ও মৌখিকভাবে এই ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। শিক্ষা অফিস থেকে তাঁর বিরুদ্ধে কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’
মির্জাপুর থানার এসআই দাদন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোমলমতি শিশুদের সুরক্ষার দায়িত্বে থাকা একজন শিক্ষকের এমন নৈতিকতাহীন ও ন্যাক্কারজনক ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী ও স্থানীয় সুশীল সমাজ। তারা অবিলম্বে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন।