পঞ্চগড় প্রতিনিধি:
ডায়াবেটিস এখন কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তির সমস্যা নয়, বরং এটি প্রতিটি পরিবারের জন্যই একটি বড় স্বাস্থ্যঝুঁকি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এই রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি জোরালো সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পরিবারের স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক আন্দোলন: ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় কেবল হাসপাতালের ওপর নির্ভর না করে সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের ওপর জোর দেন প্রতিমন্ত্রী। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পঞ্চগড় জেলাসহ পুরো দেশকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্বাস্থ্য সুরক্ষায় সুঅভ্যাস: স্বাস্থ্য সুরক্ষা ও ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাপনে কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রতিদিন রাতে খাবার গ্রহণের পরপরই ঘুমাতে না গিয়ে কিছু সময় হাঁটা উচিত। এছাড়া নিজেদের সুস্থ রাখতে নিয়মিত শারীরিক কসরত ও ব্যায়াম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।