সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি:
ফেনীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকারের একটি ফেসবুক পোস্ট। বিএনপি থেকে অব্যাহতি নেওয়া ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জসিমের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর পোস্টের শেষের কথা—‘আমি পাশে আছি, আপনি আছেন তো?’—ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ফেনীর রাজনীতিতে নতুন মোড়
গতকাল রাত ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে জাকির হোসেন জসিমের প্রতি সমর্থন, শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন নাছির উদ্দীন খন্দকার।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “কোনো মানুষই দোষের ঊর্ধ্বে নয়। জাকির হোসেন জসিম ভাই একজন জুলুমের শিকার হওয়া ত্যাগী, পোড় খাওয়া ও বিচক্ষণ রাজনৈতিক নেতা। দলের দুঃসময়ে অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই দলের হাল ধরেছেন। দল আজ রাষ্ট্রক্ষমতায়, এই সুসময়ে জসিম ভাইয়ের মতো লোক যদি ষড়যন্ত্রের শিকার হয়ে দলত্যাগে বাধ্য হন, আমার-আপনার ভবিষ্যতেও একই হবে।”
তিনি আরও লেখেন, “সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে আমি জসিম ভাইয়ের পাশে আছি, আপনি আছেন তো?”
রাজনৈতিক অঙ্গনে এই পোস্টকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে অতীতে একই রাজনৈতিক কমিটিতে দায়িত্ব পালন করা দুই নেতার পারস্পরিক সম্পর্ক ও শ্রদ্ধাবোধের বিষয়টি সামনে এসেছে।
একসময় জাকির হোসেন জসিম সভাপতি এবং নাছির উদ্দীন খন্দকার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পদ-পদবি ও সময়ের পরিবর্তন হলেও সাবেক সহযোদ্ধার প্রতি নাছির উদ্দীনের সম্মান ও শ্রদ্ধা অটুট থাকার বিষয়টি তাঁর বক্তব্যে ফুটে উঠেছে।
জাকির হোসেন জসিমের বিএনপি থেকে অব্যাহতি নেওয়ার ঘটনায় যখন ফেনীর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে, ঠিক তখনই জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকারের এমন প্রকাশ্য অবস্থান নতুন মাত্রা যোগ করেছে। তাঁর এই বক্তব্যকে ঘিরে ফেনীর রাজনৈতিক মহলে পরবর্তী পরিস্থিতি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
এ জাতীয় আরো খবর..