বিএম সজিব, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের লক্ষ্যে খানা জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) চরসেনসাস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৪৪ নম্বর সরকারি মাঝিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শফিকুর রহমান কিরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সিদ্দিক। এ সময় সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, “ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ উদ্যোগ। দেশের কোটি কোটি মানুষ এ উদ্যোগের সুফল পাবেন। ইতোমধ্যে সখিপুর ও কাঁচিকাটায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম চালু হয়েছে। এর আওতায় উপকারভোগীরা মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাচ্ছেন।”
এ সময় সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুর ইসলাম জিসান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ তাঁর নির্বাচনী এলাকার জনগণকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে আজ খানা জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।”
তিনি আরও বলেন, সরকারি উদ্যোগে নিয়োগপ্রাপ্ত ফিল্ড ওয়ার্কারদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। যাচাই-বাছাই শেষে কারা ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন, তা সরকার নির্ধারণ করবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ জরিপের মাধ্যমে উপযুক্ত উপকারভোগীদের তথ্য সংগ্রহ করা সম্ভব হবে এবং সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।
এ জাতীয় আরো খবর..