সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নিয়োগ-পদায়ন বাণিজ্য, টেন্ডার কমিশন এবং বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের বিস্তর অভিযোগের অনুসন্ধান বড় পরিসরে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১২ সেপ্টেম্বর) দুদক সূত্রে জানা গেছে, প্রাপ্ত অভিযোগের আর্থিক অনিয়ম ও লেনদেনের অংক যোগ করলে তার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩ হাজার কোটি টাকা।
দুদক সূত্র জানায়, অনুসন্ধানের আওতায় থাকা প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে চার দেশে মোট ১১ হাজার কোটি টাকা পাচার এবং বিদেশে বিলাসবহুল ভিলা ক্রয় ও ব্যবসায় বিনিয়োগের বিষয়। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে ৬০ কোটি টাকা, সারা দেশে ৩৬ জন ডিসি পদায়নে আনুমানিক ৭২ থেকে ৩৬০ কোটি টাকা এবং ওয়াসা ও এলজিইডির শীর্ষ পদে নিয়োগে কোটি কোটি টাকার উৎকোচ লেনদেনের অভিযোগও যাচাই করা হচ্ছে। একই সঙ্গে মুরাদনগরের অবকাঠামো প্রকল্প, শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্প এবং সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে প্রাক্কলিত ব্যয় বাড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগগুলো এতে যুক্ত করা হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগে আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল দুদক। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের অভিযোগগুলোর সঙ্গে নতুন এই বৃহৎ আর্থিক অনিয়মের নথি যুক্ত করে চার সদস্যের অনুসন্ধান দল পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া পরিচালনা করছে।