সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও সহিংসতা এড়াতে মাদারীপুর জেলাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে জেলাজুড়ে টহল কার্যক্রম জোরদার করেছে যৌথবাহিনী। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কগুলোতে কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।
রবিবার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ দল। মাদারীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ারের সরাসরি তত্ত্বাবধানে সেখানে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। অভিযান চলাকালে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। যানবাহনের মালপত্র রাখার বক্স এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেবল নির্বাচনকালীন নয়, বরং ভোট পরবর্তী সময়েও জননিরাপত্তার স্বার্থে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা যাচ্ছে। এছাড়া মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে একাধিক গোয়েন্দা সংস্থা। মূলত কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে লক্ষ্যেই এই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।