পাবনা (সাঁথিয়া) প্রতিনিধি: মোঃ আল-মামুন হোসেন
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ (COP31) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ বিন আব্দুল্লাহ। তুরস্কের উপকূলীয় শহর আন্টালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সাইয়েদ বিন আব্দুল্লাহর পাশাপাশি থাকছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী ও পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ। সফরকালে প্রধানমন্ত্রীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপপ্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃথক দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি নির্ধারিত রয়েছে। এসব বৈঠকেও সাইয়েদ বিন আব্দুল্লাহ ও খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে (প্লেনারি সেশন) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাবলিক ডিপ্লোমেসি ও অগ্রাধিকার বিষয়াবলি) এ কে এম শহীদুল করিমসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, কপ-৩১ সম্মেলনে উন্নত দেশগুলোর কাছে ঋণের পরিবর্তে অনুদান হিসেবে জলবায়ু অর্থায়নের জোরালো দাবি জানাবে বাংলাদেশ। একই সঙ্গে বৈশ্বিক কার্বন নিঃসরণের ঐতিহাসিক দায় স্বীকার করে উন্নত দেশগুলোকে ক্ষতিপূরণের দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হবে।
প্রতিমন্ত্রী বলেন, “বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা প্রায় শূন্যের কোঠায় হলেও, এই সংকটের চূড়ান্ত শিকার হচ্ছি আমরাই।” জলবায়ু সংকট মোকাবিলায় প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোকে জবাবদিহির আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্য এবং দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের অভিজ্ঞতা তুলে ধরা হবে। ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় ঋণের বোঝা না বাড়িয়ে সরাসরি অনুদানভিত্তিক তহবিল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে দেশব্যাপী মেগা খাল খনন কর্মসূচি, বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ অভিযান এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ।
উল্লেখ্য, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি এবং উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিশ্চিত করতে গত মাসেই সরকার একটি উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সমন্বয় সভা করেছে।
এ জাতীয় আরো খবর..