নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকেল ৩টা ৩৮ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ, প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং আইন-প্রণয়ন কার্যাবলি অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে রোববার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সিদ্ধান্ত হয়, সংসদের এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ও শনিবার) ব্যতীত প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।
চলতি অধিবেশনে পেশ করার জন্য সংসদে জারি হওয়া তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হচ্ছে। অধ্যাদেশ তিনটি হলো:
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬
অধিবেশন সচিবালয় সূত্রে জানা গেছে, এই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী ৯২টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ২৮১টি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ পাওয়া গেছে।