স্বাস্থ্য প্রতিবেদক:
রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে তার জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘‘আমরা অনেক সময় বলি যে আমাদের স্বাস্থ্যখাতে এটা আছে, ওটা আছে; অথচ বাস্তবতা ভিন্ন। তাই চিকিৎসকদের নিজেদের ভেতর থেকে সচেতনতা তৈরি করতে হবে।’’ তবে সামগ্রিক চিত্র তুলে ধরে তিনি দাবি করেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের স্বাস্থ্যখাতের মান অনেক উন্নত এবং ভালো।
সরকারি হাসপাতালের খাবারের মান সম্পর্কে মন্ত্রী নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘‘অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার মতো অতটা সুস্বাদু না হলেও যথেষ্ট ভালো। আমি নিজে বিভিন্ন সময় সেই খাবার খেয়েছি।’’
শিশু স্বাস্থ্যে হামের প্রকোপ ও টিকার কার্যকারিতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দুই মাসের কম বয়সী অনেক শিশু হামে আক্রান্ত হচ্ছে; তাদের কেউ মারা যাচ্ছে, আবার অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত আমাদের দেশে বিদ্যমান হামের টিকার কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তারপরও শিশু মৃত্যুর কারণ ও টিকার কার্যকারিতা গভীরভাবে পর্যালোচনার জন্য আইসিডিডিআর,বি-কে গবেষণার দায়িত্ব দেওয়া হয়েছে। গবেষণা প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে যৌথভাবে কাজ চলছে।’’
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আবেগপ্রবণ হয়ে বলেন, ‘‘১২শ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন।’’