বিশেষ প্রতিনিধি:
প্রাথমিক স্তরে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) যেকোনো ধরনের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত বই ছাড়া সব ধরনের বাণিজ্যিক অতিরিক্ত বই নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই রিটটি করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে যেসব প্রধান বিষয় তুলে ধরা হয়েছে:
ভর্তি পরীক্ষা ও আইনি অধিকার: ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বিনা বাধায় ভর্তি হওয়া প্রতিটি শিশুর একটি নিরঙ্কুশ আইনি অধিকার। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়ন করে সরকার প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে কোমলমতি শিশুদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মুখোমুখি করছে, যা মূল আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক ও এখতিয়ারবহির্ভূত এবং শিশুদের মনে তীব্র ভীতি ও মানসিক ট্রমা সৃষ্টি করছে।
বাণিজ্যিক ও অতিরিক্ত বইয়ের বোঝা: ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’-এর নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক প্রকাশনীগুলোর সঙ্গে যোগসাজশে এনসিটিবি অনুমোদিত বোর্ডবইয়ের বাইরে শিশুদের কাঁধে অতিরিক্ত সহায়ক বই ও গাইডের বোঝা চাপাচ্ছে। এর ফলে শিশুদের মেরুদণ্ডের ক্ষতিসহ শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
অননুমোদিত প্রাক-প্রাথমিক ও বাণিজ্যিক ফাঁদ: ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’-এ শিশুদের জন্য কেবল এক বছরের সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষার কথা বলা হলেও দেশের কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ এর মতো একাধিক স্তরের অননুমোদিত কোর্স চালু করে শিক্ষাকে বাণিজ্যিক ফাঁদে পরিণত করেছে।