মোঃ আবুল সিকদার, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের সখিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন— শরীয়তপুর জেলার সখিপুর থানার রশিদ বেপারী কান্দি গ্রামের দুদু মিয়া সরদারের ছেলে হোসেন সরদার এবং একই গ্রামের বিল্লাল বেপারীর ছেলে জাহিদ বেপারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সখিপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, একটি বিশেষ মোটরসাইকেলযোগে মাদক কারবারিরা মাদকের চালান হস্তান্তর করতে যাচ্ছে। প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ওই দুজনকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে তাদের নিজ হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত তাদের মোটরসাইকেলটিও জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাবতীয় আইনগত নিয়মকানুন সম্পাদন শেষে গতকাল তাঁদের শরীয়তপুর বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়। আদালত শুনানি শেষে আসামি দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এলাকাকে মাদকমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।