টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে খালি কার্তুজ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। পরে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত হ্নীলা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ দল এ অভিযানে অংশ নেয়। অভিযানে আস্তানাটি ঘিরে তল্লাশি চালিয়ে খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
এদিকে, অভিযান ঘিরে তিনটি মরদেহ উদ্ধারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও অভিযানে অংশ নেওয়া দল মরদেহের কোনো সন্ধান পায়নি।
জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।
এ জাতীয় আরো খবর..