যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য, নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম এবং কেনাকাটায় সিন্ডিকেট গঠনের মাধ্যমে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুসন্ধানে উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, প্রাপ্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগের তালিকায় অন্য যে তিন কর্মকর্তা রয়েছেন, তাঁরা হলেন—
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম;
যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন; এবং
উপসচিব মো. মাসুম আহমেদ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা মনোনীত হন আসিফ মাহমুদ। তিনি শুরুতে শ্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ডিসেম্বরে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন এবং বর্তমানে দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।