শাজাহান আহমেদ আসিফ, নরসিংদী জেলা প্রতিনিধি:
রাজনীতি কি খাওয়ার জায়গা, নাকি খেদমতের জায়গা? পোস্টারে লেখা থাকে সেবা করার সুযোগ দিন, অথচ ক্ষমতায় যাওয়ার পর বলা হয়, এতদিন খেতে পারেননি। যতদিন রাজনীতিকে ব্যবসার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে, ততদিন মানুষের প্রকৃত খেদমত সম্ভব নয়।
এমন মন্তব্য করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির প্রকৃত মুক্তি, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের বিকল্প নেই।
তিনি বর্তমান রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ড ও দ্বিচারিতার সমালোচনা করে বলেন, বিগত নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে একটি জোয়ার সৃষ্টি হয়েছিল। কিন্তু কিছু মুনাফিকের কারণে সেই আদর্শ ও চরিত্রকে স্থায়ী করা সম্ভব হয়নি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেককে নিজের নীতি, আদর্শ ও চরিত্র ঠিক রাখতে হবে। যে সত্য কথা বলবে, তার পক্ষে অবস্থান নিতে হবে। আর যে মিথ্যা বলবে কিংবা খারাপ কাজ করবে, সে নিজের শত্রু হলেও তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতী মনসুর আহমদ সাকী বলেন, দেশের দুর্নীতি, আধিপত্যবাদ ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হতে হবে। বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় আদর্শিক যুব নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি। দেশপ্রেম, দায়িত্বশীলতা ও ইসলামী মূল্যবোধ ধারণ করে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথিরা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় ফিলিস্তিনের স্বাধীনতা ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতী সাঈদ আহমদ সরকারের সভাপতিত্বে সমাবেশে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মোবারক হোসাইন, সহসভাপতি হিসেবে মাওলানা মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা জহিরুল ইসলামকে নির্বাচিত করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
এ জাতীয় আরো খবর..