সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার
মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি )বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ সংঘর্ষে একাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতে অন্তত আটজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিম রাস্তি গ্রামের সেলিম হাওলাদার ও সোহরাব বেপারীর নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সেই বিরোধের জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রায় ২০টি হাতবোমা বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে এলাকাবাসী জানান।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন রোকন হাওলাদার (৩৫) ও সেলিম হাওলাদার (২৬)। আহতদের প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।