পাবনা প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সার বিতরণের সময় স্থানীয়দের বিরুদ্ধে ভাঙচুর চালিয়ে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লুট হওয়া সার দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন স্থানীয় ডিলার প্রদীপ কুমার। সার নিতে আসা কৃষকদের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি ও হট্টগোল শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উত্তেজিত জনতা ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে ভেতরে থাকা সার নিয়ে চলে যায়।
ঘটনার পর কৃষি বিভাগ ও প্রশাসন সারের হিসাব করে দেখতে পায়, ডিলার পয়েন্টে মোট ১,১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা সার ইতিপূর্বে বিতরণ করা হয়েছিল এবং অবরুদ্ধ অবস্থায় মজুত ছিল ৪০০ বস্তা। সব মিলিয়ে বাকি ৬১১ বস্তা সার লুট বা নিখোঁজ হয়েছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থলে ছুটে যান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক জানান, ঘটনার তদন্ত চলছে এবং এটি পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান জানান, লুট হওয়া সারগুলো নিজ দায়িত্বে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে আইনি জটিলতা এড়াতে এবং শাস্তিমূলক ব্যবস্থা থেকে বাঁচতে দ্রুত সময়ের মধ্যে নিয়ে যাওয়া সারগুলো ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে।