নিজস্ব প্রতিবেদকঃ
মার্শাল আর্ট শুধু শারীরিক সক্ষমতা ও আত্মরক্ষার কৌশল অর্জনের মাধ্যম নয়; বরং এটি মানসিক দৃঢ়তা, বিচক্ষণতা, আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তৈরির কার্যকর অনুশীলন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ ও জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন।
খেলোয়াড়দের মানসিকতা ও ক্রীড়ার ভূমিকা
তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে মার্শাল আর্টসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের প্রসার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, প্রতিযোগিতার মাঠে জয়-পরাজয় দুটিই স্বাভাবিক; বিজয় উদযাপনের পাশাপাশি পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা জীবনের অন্যান্য ক্ষেত্রেও কাজে আসে।
খেলোয়াড়দের ব্যক্তিগত পরিচর্যা, শারীরিক সৌন্দর্য ও উপস্থাপনযোগ্যতার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে শেখ রবিউল আলম বলেন, সুস্থ ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব তরুণদের কাছে তাদের আরও গ্রহণযোগ্য আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।
সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ ও আয়োজকদের ধন্যবাদ
বক্তব্যের শুরুতে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। পাশাপাশি প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।
আয়োজক বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং অনুষ্ঠানের সভাপতি ইশরাক হোসেনের সম্পৃক্ততা ও পৃষ্ঠপোষকতার প্রশংসা করে এ ধরনের ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা কামনা করেন সড়ক পরিবহন মন্ত্রী।