নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ
বর্তমান জাতীয় সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সাথে বিগত সরকারের আমলের তিনটি নির্বাচনকে ‘প্রহসন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ আর সেই অন্ধকার যুগে ফিরে যেতে চায় না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিতে গঠিত সর্বদলীয় সংসদীয় ককাসের এক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, এই নির্বাচনের আগে দেশে এত সুষ্ঠু নির্বাচন অতীতে কখনো অনুষ্ঠিত হয়নি। ত্রয়োদশ নির্বাচনের মতো আরও দুই-তিনটি নির্বাচন অনুষ্ঠিত হলেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে।
ইসির প্রতি আহ্বান: দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে (ইসি) আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।