সাইফ হাসান লিমন, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী শহরের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও রূপচর্চার সামগ্রীর বাজারে তদারকি চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে শহরের ব্যস্ততম এসএসকে রোড এবং বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিয়ম লঙ্ঘন করায় দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেসার্স পারুল বাণিজ্য বিতানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫ হাজার এবং মেসার্স কাতার চুড়ি হাউজ ও কসমেটিকসকে আরও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে—দোকানে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা ঝুলিয়ে না রাখা, নিষিদ্ধ ঘোষিত কেওড়াজল বিক্রি করা এবং বিএসটিআই বা যথাযথ অনুমোদনহীন বিদেশি কসমেটিকস সামগ্রী বেচাকেনায় জড়িত থাকা।
বাজার মনিটরিংয়ের সময় দোকানগুলোর ক্রয় রসিদ ও বিক্রয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। এছাড়া পণ্যের বর্তমান মজুত, সরবরাহ পরিস্থিতি এবং বাজারদর পর্যবেক্ষণ করার পাশাপাশি সাধারণ ক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, সাধারণ ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের বাজারভিত্তিক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আইন অমান্য করে অতিরিক্ত মুনাফা বা অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..