নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই সম্মিলন শুরু হয়।
প্রধানমন্ত্রী সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারের সম্মিলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
সম্মিলনের লক্ষ্য ও উচ্চশিক্ষার প্রেক্ষাপট
উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি ও কলেজগুলোর শিক্ষার পরিবেশ উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কলেজগুলোর সমন্বয় বাড়ানো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ।
অতিথিবৃন্দ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।