সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহীম ভুইঁয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুনন্নেছা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে চারটি ক্যাটাগরিতে চার জনকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রেজওয়ানা হাওলাদার,অর্থনৈতিকভাবে সফল নারী সাবিহা সুলতানা,সফল জননী নারী গীতা রানী বণিক,সমাজে অসামান্য অবদান রাখায় বিথী আক্তার।