শিক্ষা প্রতিবেদকঃ
দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। পাশাপাশি তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে পড়ার সুযোগ পাবেন। এ ছাড়া অনগ্রসর আরও ১২টি নতুন উপজেলাকে যুক্ত করে মোট ২২ উপজেলায় শতভাগ উপবৃত্তি কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে এ সুবিধা পাবেন। পাশাপাশি প্রচলিত দারিদ্র্য-ভিত্তিক মূল্যায়নে বাছাইকৃত ২৬ লাখ ১২ হাজার ছাত্রসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আসবেন। নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম) সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বাজেট ও প্রকল্পের অগ্রগতি
শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপির আওতাধীন ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীতে মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়িয়ে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা প্রাক্কলন করা হয়েছে (মেয়াদ ১ জুলাই ২০১৮ থেকে ৩০ জুন ২০২৭)। এর মধ্যে জুন ২০২৬ পর্যন্ত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা (৭৪ শতাংশ)। ২০২৬-২৭ অর্থবছরে উপবৃত্তি খাতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি আবার চালু হচ্ছে। এতে ঝরে পড়ার হার কমানো, বাল্যবিবাহ রোধ ও নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হবে।
অগ্রাধিকার, শর্ত ও ২২ উপজেলা
ছাত্রীদের ক্ষেত্রে প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) তথ্য কেবল তথ্যভান্ডার ও গবেষণার জন্য নেওয়া হলেও কেউ বাদ পড়বেন না। অসচ্ছল পরিবারের ছাত্রদের ক্ষেত্রে এইচআইইএস-২০২২ অনুযায়ী ৩০ প্রশ্নের ভিত্তিতে নির্বাচন বহাল থাকবে; বিশেষ অগ্রাধিকার পাবেন প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী ও জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা।
নতুন যুক্ত হওয়া ১২ উপজেলাসহ মোট ২২ উপজেলায় (নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা) যোগ্য সব শিক্ষার্থী শতভাগ উপবৃত্তি পাবেন। উপবৃত্তি ধরে রাখতে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় অন্তত ৪৫ শতাংশ নম্বর এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকা বাধ্যতামূলক।
জিটুপি অর্থ বিতরণ ও বাস্তবায়ন চ্যালেঞ্জ
জন্ম নিবন্ধন, এনআইডি ও বায়োমেট্রিক নিবন্ধিত সিম যাচাই শেষে আইবাস++-এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীর বা অভিভাবকের হিসাবে অর্থ যাবে। আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী এ কর্মসূচি উদ্বোধন করতে পারেন এবং সফটওয়্যার ও তথ্য জটিলতায় বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া পরিশোধের উদ্যোগও নেওয়া হয়েছে। অর্থ বিভাগ নির্ধারিত হারে শ্রেণিভেদে মাসিক উপবৃত্তি ২০০-৪০০ টাকা, টিউশন ফি ৩৫-৮০ টাকা এবং পরীক্ষার ফি ও বই বাবদ ১ হাজার থেকে দেড় হাজার টাকা নির্ধারিত রয়েছে।
তবে শহর ও নামীদামী প্রতিষ্ঠানে নির্ধারিত হারের চেয়ে বেশি বেতন নেওয়ার প্রবণতা থাকায় কিছু প্রতিষ্ঠান তালিকাভুক্তিতে অনীহা দেখাতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে স্কিমের উপপরিচালক প্রফেসর সাইফুল আলম বলেন, বেশি বেতন নেওয়া প্রতিষ্ঠানগুলো উপবৃত্তির আওতায় না এলে সেখানকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে পারে, যা কার্যকর করতে বাধ্যতামূলক নির্দেশনা জরুরি।