×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে একটি ‘জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড’ গড়ে তোলা হবে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে প্রণীত ‘অ্যাকশন ম্যাট্রিক্সে’ এ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনে এ অবকাঠামোগত উন্নয়নকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে।

অগ্রাধিকারপ্রাপ্ত করিডর ও সময়ভিত্তিক কর্মপরিকল্পনা

পরিকল্পনায় ঢাকা-চট্টগ্রাম (২৩২ কিমি), ঢাকার রামপুরা থেকে ডেমরা (১৩ কিমি), জয়দেবপুর-ময়মনসিংহ (৮৫ কিমি), গাবতলী-নবীনগর (২৪ কিমি) এবং রংপুর-ভোগড়া (২৬০ কিমি) সড়ক করিডরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল, সীমান্ত ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নেতৃত্বে আরএইচডি, সেতু বিভাগ, এলজিইডি, বিআরটিএ, বিআরটিসি ও ডিটিসিএ-এর সমন্বয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে:

  • প্রথম ৬ মাস: যানবাহনের চাপ ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় প্রায় ৩ হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং সম্পন্ন করা হবে।

  • ১ বছরের মধ্যে: অগ্রাধিকারপ্রাপ্ত ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

  • ৫ বছরের মধ্যে: এক্সপ্রেসওয়ে গ্রিড সম্প্রসারণের মাধ্যমে দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের আওতায় আনা হবে।

নতুন বড় সেতু ও গ্রামীণ সড়ক উন্নয়ন

পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ নদীর ওপর দ্বিতীয় পদ্মা সেতু (পাটুরিয়া-দৌলতদিয়া), দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ছয় মাসে দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগ এবং এক বছরের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্য রয়েছে।

পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব গ্রামীণ সড়ক পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ছয় মাসে যোগাযোগবিচ্ছিন্ন ও কৃষিপণ্য উৎপাদনকারী এলাকা চিহ্নিত করে এক বছরের মধ্যে বড় পরিসরে পাকাকরণ শুরু এবং পাঁচ বছরের মধ্যে সেগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়কে উন্নীত করা হবে। এ ছাড়া মহাসড়কের স্থায়িত্ব রক্ষায় ছয় মাসের মধ্যে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন ও স্টেশন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের বক্তব্য ও বিশেষজ্ঞদের পরামর্শ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘আমরা এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে চাই, যার মাধ্যমে সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানান, অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে। সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান নকশা, নির্মাণমান ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের ওপর জোর দেন।

তবে পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন, জমি অধিগ্রহণ ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েট অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, ‘আগামী ২০-৩০ বছরের পরিবহন চাহিদা বিবেচনায় নিয়ে এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে হবে। শুধু অবকাঠামো নয়, পরিকল্পনাহীন সংযোগ সড়ক, অবৈধ পার্কিং ও বাজার নিয়ন্ত্রণ এবং গণপরিবহন ব্যবস্থার সমন্বয় নিশ্চিত করা গেলেই যানজটের প্রকৃত সমাধান মিলবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat