দেশের তৈরি পোশাক শিল্পখাতে চলমান অস্থিরতার মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। বিগত কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শত শত শ্রমিক। কোনাবাড়ী এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চারপাশের জনপদে তীব্র ভোগান্তি ছড়িয়ে পড়ে।
স্থানীয় পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার আমবাগ অঞ্চলে অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসের বেতন বকেয়া রয়েছে।
পরবর্তীতে একাধিকবার তারিখ পরিবর্তন করেও বেতন পরিশোধ না করে উল্টো কারখানাটিতে সাধারণ ছুটির নোটিশ ঝুলিয়ে দেয় কতৃপক্ষ। এর ফলে চরম অর্থনৈতিক সংকটে পড়েন কারখানার প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনাবাড়ী-আমবাগ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।
খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের সময়মতো বেতন পরিশোধ না করার প্রবণতা এবং বারবার এমন অসন্তোষ সৃষ্টি হওয়া শিল্প নিরাপত্তার জন্য বড় এক হুমকি হয়ে দাঁড়িয়েছে।