মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চত্বর থেকে সরকারি নিলাম ও নির্ধারিত প্রক্রিয়া ছাড়াই মেহগনিসহ বেশ কয়েকটি মূল্যবান গাছ কাটার অভিযোগ উঠেছে। কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ রয়েছে, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার হাসপাতালের আউটসোর্সিং ওয়ার্ডবয় বাপ্পি হোসেনের উদ্যোগে ‘নিজ খরচে’ হাসপাতাল চত্বরের পুরোনো ও মূল্যবান গাছগুলো কাটা হয়। তবে সরকারি গাছ কাটার ক্ষেত্রে নিলাম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে জানা যায়, একটি আকাশমণি গাছের চিকন ডালপালা হাসপাতাল চত্বরে সংরক্ষিত থাকলেও গাছটির মোটা গুল সেখানে পাওয়া যায়নি। স্থানীয় একটি করাতকলে গাছটির মোটা গুল দেখা গেছে বলে জানা গেছে। হাসপাতাল চত্বর থেকে গাছের মোটা অংশ বাইরে নেওয়ার ক্ষেত্রে কোনো অনুমোদন, নথি বা হিসাব রয়েছে কি না, তা স্পষ্ট নয়। গাছটি বিক্রি করা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফাতেমা বলেন, গাছগুলো কোনো নিয়মমাফিক ডাক (নিলাম) ছাড়াই কাটা হয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য গত ২০ সেপ্টেম্বর বন বিভাগকে চিঠি পাঠিয়েছি। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে কনসালট্যান্ট (নাক, কান ও গলা) অমিত কুমার ঠাকুরকে। সদস্য সচিব ডা. নাহিদ ইসলাম (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য), সদস্য ইমার্জেন্সি ইনচার্জ ডা. মাসুদ রানা, আউটডোর ইনচার্জ ইব্রাহিম হোসেন (ফার্মাসিস্ট) এবং নার্স ইনচার্জ সানজিদা খাতুন।
নিলাম ছাড়া সরকারি গাছ কাটার অভিযোগের সত্যতা, গাছের মোটা গুল বাইরে নেওয়ার বিষয় এবং সম্ভাব্য আর্থিক হিসাব তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..