মোঃ রাফসান জানি, ভোলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে ভোলায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে ভোলা সদর উপজেলার ধনিয়া ১নং ওয়ার্ডের বালিয়াকান্দী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর একটি আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী জানতে পারে ওই এলাকায় অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসীদের অবস্থান রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বরকন্দাজ জামে মসজিদ সংলগ্ন একটি টিনের বাড়িতে অভিযান চালিয়ে একটি একনলা দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, দুটি দেশীয় অস্ত্র (দাঁ), ৯ রাউন্ড ৭.৬২ এমএম এসএবল কার্তুজ এবং ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ মোট ১২ রাউন্ড লাইভ অ্যামুনেশন উদ্ধার করা হয়।
এ সময় চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে সকেট জামালের ঘনিষ্ঠ সহযোগী মো. সেলিম কাজী ও মো. হাসানকে আটক করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক দুই আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে দেশের ৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ জাতীয় আরো খবর..