মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে পুকুর খনন কার্যক্রম নিয়ে সম্প্রতি কিছু মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় সমাজসেবক ও রাজনৈতিক সংগঠক লাভলুর। তিনি বলেন, “আইনের বাইরে কোনো কাজের সঙ্গে আমি বা আমার সঙ্গে জড়িত কেউ নেই। নিয়ম মেনেই ব্যক্তিমালিকানাধীন জমিতে পুকুর খনন চলছে।”
স্থানীয় সূত্র জানায়, দুর্গাপুর গ্রামের অখিল চন্দ্র মণ্ডল তার নিজস্ব জমিতে পুকুর খননের উদ্যোগ নেন কৃষি ও মৎস্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে। এ কাজে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে মাছচাষের মাধ্যমে এলাকার অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে লাভলু বলেন, “আমি এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছি মাত্র। কোনো সরকারি জমি বা তিন ফসলি জমি দখলের প্রশ্নই আসে না। যেসব অভিযোগ আমার নামে তোলা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে আসছে।”
তিনি আরও জানান, ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের কোন ক্ষতি হলে তা মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে। “গ্রামের রাস্তা আমাদের সবার, ক্ষতি হলে আমরাই আগে ঠিক করব”—বলেন তিনি।
পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা প্রসঙ্গে লাভলুর দাবি, পুকুর খননের নকশা স্থানীয় বাস্তবতা বিবেচনা করেই করা হয়েছে, যাতে পানি প্রবাহে কোনো প্রতিবন্ধকতা না সৃষ্টি হয়। বরং পরিকল্পিত জলাধার তৈরি হলে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণে সহায়ক হবে।
মান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্তের কথা বলা হলে লাভলু তা স্বাগত জানিয়ে বলেন, “প্রশাসন তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে। আমি আইন মানি এবং প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রাখি।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পুকুর খননের ফলে এলাকায় মাছচাষ, হাঁস পালন ও কৃষি সহায়ক কার্যক্রম বাড়বে, যা দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ তৈরি করবে।
সচেতন মহলের দাবি, যাচাই-বাছাই ছাড়াই লাভলুর নামে যে অপপ্রচার করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন, এমন মিথ্যা অপপ্রচার বন্ধ হওয়া উচিত। উন্নয়ন কার্যক্রমে বাধা না দিয়ে আইনসম্মত উদ্যোগকে উৎসাহিত করলে এলাকার কৃষি ও অর্থনীতি আরও শক্তিশালী হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
এ জাতীয় আরো খবর..