রিপন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরা–২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার দুপুরে তিনি মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি আশা প্রকাশ করেন, মাগুরা–২ আসনের ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক উন্নয়নে তিনি কাজ করবেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন।
এ সময় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা বলেন, মাগুরা–২ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে। তারা দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনে বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, মাগুরা–২ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..