ডেস্ক নিউজ :
“গৌরবোজ্জ্বল শতবর্ষ উৎসবে শত প্রাণ, সাফল্যের উচ্ছ্বাসে স্কুল আমাদের শতবর্ষে”—এই শ্লোগানে আলোকিত মানুষ গড়ার বিদ্যাপীঠ হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা। নানা আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় চত্বর।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় চার হাজার মানুষ অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। পুরোনো স্মৃতি রোমন্থন, আড্ডা, আলোচনা সভা, সংবর্ধনা, সেলফি ও ফটোসেশনে প্রাণ ফিরে পায় শতবর্ষী এই বিদ্যাপীঠ।
অনেকে স্কুল আঙিনায় ঘুরে খুঁজে নেন শৈশবের স্মৃতিবিজড়িত গাছ, বেঞ্চ ও মাঠ। কেউ কেউ আবীর রঙে রাঙিয়ে দেন নবীন-প্রবীণ শিক্ষার্থীদের। দেশ-বিদেশে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীরা যেন ফিরে যান তাদের উচ্ছল ছাত্রজীবনের দিনগুলোতে।
বিশাল প্যান্ডেলজুড়ে চলে স্মৃতিচারণ, আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। সকাল থেকেই বিদ্যালয়ের আশপাশের সড়কে ছিল মানুষের ঢল। শীতের সকালে সবুজ প্রকৃতির মাঝে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য আপ্যায়ন, চিকিৎসা ও তদারকি ব্যবস্থা ছিল। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক ড. মো. কায়কোবাদ। শতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান এফসিএ।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নাইয়ারা নুর রিপা। পৃষ্ঠপোষকদের মধ্যে আরও ছিলেন ড. নুরুল হক চৌধুরী মনি, কাজী লুৎফুর রহমান, দেওয়ান আবদুল কাদের, আবুল ফজল দোস্ত মোহাম্মদ, ইঞ্জিনিয়ার শামসুর রহমান, ও এন বি আর ফারুক হোসেন ইঞ্জিনিয়ার দেওয়ান হানজালা, অ্যাডভোকেট ইবাদুল আলী আকবর খান, বাবু সুবোধ চন্দ্র সরকার। এছাড়া প্রধান শিক্ষক আলতাফ হোসেন খান ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম হোসেন তুষার।
এ জাতীয় আরো খবর..