মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর আত্রাইয়ে প্রায় ৬ মাস ধরে ইউএনও পদ শূন্য। ফলে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা দিলেও সমাধান সহজে পাওয়া যাচ্ছে না। এই উপজেলার ৮টি ইউনিয়নে ২ লক্ষেরও বেশি মানুষের বাস। গুরুত্বপূর্ণ এই উপজেলায় দীর্ঘদিন ধরে ইউএনও না থাকার কারণে সরকারি সেবা ব্যাহত হচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিদর্শন, মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন বিল ভাউচারসহ উপজেলার সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি শূন্য, মাসে একদিনেরও কাজ হয় না।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৬ মাস ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদ শূন্য। চলতি বছরের ১ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনকে বদলি করা হয় এবং পদটি শূন্য হয়ে যায়। তাকে বদলি করার পর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক প্রায় ২ মাস ধরে দায়িত্ব পালন করছিলেন।
সেবাগ্রহীতাদের মতে, আত্রাই উপজেলা প্রশাসনের উপর কোন বোঝা চাপানো হচ্ছে না। এই গুরুত্বপূর্ণ পদে ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণে সময়োপযোগী সেবা প্রদান ব্যাহত করার অভিযোগ রয়েছে। উপজেলার সচেতন মানুষ জনবহুল এই উপজেলায় দ্রুত নতুন কর্মকর্তা নিয়োগ করে জনগণের দুর্ভোগ কমাতে সেবার মান নিশ্চিত করতে চান।
আত্রাই বাজার ব্যাংক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পারভেজ পল্টু বলেন, বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে পূর্ণাঙ্গ কর্মকর্তা পেলে সকল ক্ষেত্রে সেবার মান বৃদ্ধি পাবে এবং দ্রুত ইউএনও নিয়োগের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।
সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালনে আমি যথাসাধ্য চেষ্টা করছি। সরকারি দায়িত্ব পালনে আমার কোনও অবহেলা নেই। ইউএনও নিয়োগ প্রশাসনিক সিদ্ধান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আশা করা যাচ্ছে যে, খুব শীঘ্রই এই শূন্যপদ পূরণ করা হবে।
এ জাতীয় আরো খবর..