মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিশ্ববিদ্যালয় সিনেট কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রাকসু নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে বিলম্বের সমালোচনা করে দ্রুত রাকসু নির্বাচন এবং সিনেট কার্যকর করার দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, **“রাকসু সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। শিক্ষার্থীদের এই অধিকার খর্ব করার ক্ষমতা কারও নেই।
তিনি আরও বলেন, **“আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেই পরবর্তী রাকসু নির্বাচনের আয়োজনে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত ২৫ আগস্ট উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি, সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবিও জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। এ কারণেই আমরা আজকের মানববন্ধন কর্মসূচি পালন করছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের সদিচ্ছা না থাকলে তা প্রকাশ্যে জানানো উচিত। অন্যথায় টালবাহানা অব্যাহত থাকলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ইসলামী ছাত্রশিবির আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান বলেন, প্রায় ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও অতীতে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক প্রভাবের কারণে ছাত্র সংসদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার নজির রয়েছে। তাই নিয়মিত ও সময়মতো নির্বাচন নিশ্চিত করতে দ্রুত পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ ও পরিচালনায় সিনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সিনেট কার্যকর না থাকায় শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সংস্কারমূলক কর্মকাণ্ডে কার্যকরভাবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না। এ কারণেই রাকসুর তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকর করার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..