নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) ভোরে এবং গভীর রাতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসগুলোর ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশের প্রাথমিক ধারণা, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে দুষ্কৃতকারীরা।
বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করা ‘চিড়িয়াখানা সিটি পরিবহন’-এর একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আগুনে বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি সিট, জানালার গ্লাস ও বডির অংশ পুড়ে গেছে। এতে আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
এর আগে একই দিন সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানার ১২ নম্বর সেকশনের কালশী রোডের ফুলকলি মোড়ে রাস্তার পাশে রাখা দুটি বাসে আগুন দেওয়া হয়। বাস দুটি ছিল ‘বিকল্প পরিবহন’ ও ‘অভিজাত পরিবহন’-এর।
স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ‘বিকল্প পরিবহন’-এর বাসটির সব সিট, গ্লাস ও বডি পুরোপুরি পুড়ে যায়। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে ‘অভিজাত পরিবহন’-এর বাসের পেছনের দুটি জানালার গ্লাস ও সিট পুড়ে গিয়ে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।