সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
হিন্দু ধর্মীয় বক্তা তথা বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী ফের একবার বড়সড় বিতর্কের মুখে পড়েছেন। ভারতের মধ্যপ্রদেশের শিবপুরে এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রুপ ও ভঙ্গি নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করে বসেন তিনি।
ভগবান রামের প্রশংসার পাশাপাশি কথা বলতে গিয়ে তিনি শ্রীকৃষ্ণের শারীরিক ভঙ্গিমা এবং বাঁশি বাজানোকে কটাক্ষ করেন। তাঁর সেই মন্তব্য ঘিরে সারা ভারতজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিশেষ করে কৃষ্ণভক্ত এবং মথুরা বৃন্দাবনের সাধু সন্ত মহলে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে নিজের ওই বক্তব্যের জন্য প্রকাশ্য ক্ষমা চেয়ে নেন ধীরেন্দ্র শাস্ত্রী, তবুও আইনি ঝামেলা থেকে রেহাই মেলেনি।
অজয় প্রতাপ সিং নামের এক স্থানীয় আইনজীবী আগ্রার নিম্ন আদালতে বাগেশ্বর বাবার বিরুদ্ধে একটি ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছেন।
অভিযোগ ধীরেন্দ্র শাস্ত্রীর এহেন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য কেবল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কৃষ্ণভক্তের ধর্মীয় ভাবাবেগকেই আঘাত করেনি, পাশাপাশি কৃষ্ণের উত্তরসূরিদেরও অবমাননা করেছে।
এ জাতীয় আরো খবর..