আহমাদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি):
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপর রাজারামপুর গোরস্থান ও হাফিজিয়া মাদ্রাসা থেকে এ বছর পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন ১৭ জন শিক্ষার্থী। একসঙ্গে এতসংখ্যক শিক্ষার্থীর হিফজ সমাপনী উপলক্ষে মাদ্রাসাটিতে অনুষ্ঠিত হয়েছে হিফজ সমাপনী সবক, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী ১৭ শিক্ষার্থীকে বিদায় ও সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে তানজিমুল মাদারিসিদ দিনিয়া বাংলাদেশ বোর্ডের অধীনে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আবুল কালাম শামসুদ্দীন শরীফ মিয়া। উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ, বাংলাদেশ হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফেজ ক্বারী মো. শহিদুল ইসলাম খান এবং নিমগাছি দারুল উলুম জেসামিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, স্থানীয় জামে মসজিদের ইমাম, মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অর্জন। তবে শুধু কোরআন মুখস্থ করাই নয়, এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করাও জরুরি। শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় অবিচল থেকে নৈতিকতা, আদর্শ ও উত্তম চরিত্র গঠনের আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষপর্বে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি খেদমত এবং মাদ্রাসার সার্বিক উন্নতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো খবর..