নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এবার মাঠে নামল ৬০০ কাব স্কাউট। শুধু পরিচ্ছন্নতার আহ্বান নয়, সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লা রেললাইন থেকে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত পরিচালিত হয়েছে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব স্কাউট অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, স্কাউটসের সদস্য, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
অভিযান চলাকালে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টদের মতে, পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন নাগরিকদের দায়িত্বশীল অংশগ্রহণ। বিশেষ করে শিশুদের এমন কার্যক্রমে সম্পৃক্ত করা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্তা একটাই—পরিচ্ছন্নতা শুধু অভিযাননির্ভর নয়, এটি হোক প্রতিটি নাগরিকের দৈনন্দিন অভ্যাস।
এ জাতীয় আরো খবর..