শাজাহান আহমেদ আসিফ, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে আলোচিত আবদুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত আবু লাল গ্রুপের প্রধান আবু লালকে (৪০) গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘদিন পলাতক থাকার পর হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাঁর দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
নরসিংদী জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর আবদুল্লাহ ওরফে বাবু হত্যাকাণ্ডের পর থেকেই মামলার প্রধান আসামি আবু লাল আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখা ও নরসিংদী মডেল থানা পুলিশ যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

এর মধ্যে নরসিংদীর বিভিন্ন এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও সদর থানা এলাকা এবং ঢাকা মহানগরের ধানমন্ডি থানা এলাকায় অভিযান চালানো হয়। তবে এসব অভিযানে তাঁকে পাওয়া যায়নি। সর্বশেষ হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আবু লালের দেওয়া তথ্যের ভিত্তিতে বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা-এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিবির ওসির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর সাদেকুর রহমান ও সাব-ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম। তাঁদের সঙ্গে ছিলেন কনস্টেবল শামসুল ইসলাম, কনস্টেবল শিবলু মিয়া, কনস্টেবল জুনায়েদ শিকদার এবং নরসিংদী মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর বাবুল মিয়া।
গ্রেফতারকৃত আবু লাল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মামলার তদন্ত দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, চৌয়ালা-শালিধাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ আরও জানায়, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতার বিরুদ্ধে তারা শূন্য সহনশীলতা নীতিতে অটল। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..