চলতি বছরের শেষভাগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না। বার্ষিক পরীক্ষাসহ সার্বিক দিক বিবেচনা করে আগামী বছরের (২০২৭) জানুয়ারি মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন্ন স্থানীয় নির্বাচন, উপনির্বাচন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার এই তথ্য জানান।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, "পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তী সময়ে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, সে বিষয়টি নিয়ে কমিশন কাজ করছে। নভেম্বর ও ডিসেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় এই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না। সবদিক বিবেচনা করে আশা করছি আগামী বছরের জানুয়ারি থেকেই নির্বাচন শুরু করা যাবে।"
তিনি আরও বলেন, "আমরা পূর্বে সম্ভাব্য একটি তারিখ ঘোষণা করেছিলাম। কিন্তু পরে দেখা গেল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এছাড়া বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম পিছিয়ে যাওয়ার মতো বিষয়গুলোও আমাদের বিবেচনায় রয়েছে। ফলে রমজান, ঈদ, পূজা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে রেখে একটি সুবিধাজনক সময়ে নির্বাচন আয়োজনের কথা ভাবছে ইসি।"