মোঃ মিলন, বিশেষ প্রতিনিধি
শহর থেকে প্রত্যন্ত গ্রাম—সারা দেশেই এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নামসর্বস্ব হরেক রকমের তথাকথিত অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেজ । আর এসব নিউজ পোর্টালের অশুভ ছায়াতলে থেকে, কিংবা কোনো কোনো ভুঁইফোঁড় অনলাইনের কথিত ‘আইডি কার্ড’ ঝুলিয়ে একশ্রেণীর অসাধু ব্যক্তি মেলা বাণিজ্য, অবৈধ জুয়ার আসর পরিচালনা এবং নানা অপকর্মে মেতে উঠেছে। পেশাদার সাংবাদিকতার আড়ালে গড়ে ওঠা এই অপসংস্কৃতির কারণে আজ প্রকৃত সাংবাদিকতা চরম ইমেজ সংকটে পড়েছে।
অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি ও দলীয়করণকে কাজে লাগিয়ে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে এসব অনলাইন পোর্টাল রাতারাতি আত্মপ্রকাশ করছে। কোনো নিবন্ধন বা অনুমোদন না থাকলেও কেবল মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিতরণ করা হচ্ছে ভুয়া সাংবাদিক পরিচয়পত্র। কেবল একটি আইডি কার্ড গলায় ঝুলিয়ে বা গাড়িতে ‘প্রেস’ লিখে অপরাধীরা ঢুকে পড়ছে মেলা আয়োজন, স্থানীয় জুয়ার আসর ও ব্ল্যাকমেইলিংয়ের মতো কর্মকাণ্ডে।
আইডি কার্ড বিক্রির মেলা ও ‘অনলাইন’ অপব্যবহার
বর্তমানে ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়াভিত্তিক নিবন্ধনহীন কিছু ভুঁইফোঁড় পোর্টাল মাত্র ৫০০ থেকে ১,০০০ টাকার বিনিময়ে ‘প্রতিনিধি’ নিয়োগের নামে আইডি কার্ড বিক্রি করছে।
তার হাতে তুলে দিচ্ছে আইডি কার্ড এসব কথিত আইডি কার্ডধারী ব্যক্তিদের নেই কোনো শিক্ষাগত যোগ্যতা বা সংবাদ লেখার সর্বনিম্ন দক্ষতা। কিন্তু এই কার্ড প্রদর্শন করেই তারা স্থানীয় মেলা কমিটির সাথে চুক্তি করে জুয়ার আসর ও হাউজি চালানোর অনুমোদন বা সুযোগ করে দিচ্ছে।
মেলা ও জুয়ার আড়ালে অসাধু চক্র
গ্রামাঞ্চলে ও পৌর এলাকায় বিনোদনের নামে মেলা আয়োজনের আড়ালে অবাধে চলে জুয়া, লটারি ও অনৈতিক কর্মকাণ্ড। তথাকথিত এই ভুয়া সাংবাদিকরা কখনো এই মেলার আয়োজক হিসেবে নাম লেখায়, আবার কখনো প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে মাধ্যম হিসেবে কাজ করে। সংবাদ প্রকাশ করার ভয় দেখিয়ে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদাবাজির অভিযোগও অগণিত।
অনলাইন নিউজ পোর্টাল ঘিরে দলীয়করণ
স্থানীয় পর্যায়ে সাংবাদিক নামে যে মোড়ক খোলা হচ্ছে, তার বড় একটি অংশ রাজনৈতিক বলয় দ্বারা নিয়ন্ত্রিত। প্রকৃত পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকদের কোণঠাসা করে রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন ও নিজেদের অপরাধ ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এসব তথাকথিত নিউজ পোর্টাল।
পেশাদার সাংবাদিকদের উদ্বেগ
এই অপতৎপরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ ও পেশাদার সাংবাদিকরা। তাদের মতে, "তথ্যপ্রযুক্তির যুগে সংবাদমাধ্যমের স্বাধীনতা যেমন জরুরি, তেমনি ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধ করাও সময়ের দাবি। একটি ভুয়া আইডি কার্ডধারী ব্যক্তি যখন জুয়া ও মেলা বাণিজ্যের মতো অপরাধে জড়ায়, তখন পুরো সংবাদমাধ্যম ব্যবস্থার ওপর মানুষের আস্থা হারিয়ে যায়।"
স্থানীয় সচেতন মহল ও প্রকৃত সাংবাদিক সমাজ অনতিবিলম্বে এসব ভুয়া অনলাইন পোর্টাল, সাংবাদিক আইডি কার্ডধারী প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সারা দেশে মেলা ও জুয়ার আড়ালে চলমান এই অপসংস্কৃতি বন্ধের জোর দাবি জানানো হচ্ছে।
এ জাতীয় আরো খবর..