দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর শূন্য ও মেয়াদোত্তীর্ণ আসনগুলোতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার মো. মাছউদ।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে দেশের বিভিন্ন স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।
অক্টোবরের শেষ সপ্তাহে বা নভেম্বরের প্রথমভাগে প্রথম ধাপের নির্বাচনের সময়সূচি বা তফসিল ঘোষণা করা হতে পারে।
নির্বাচনগুলো নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। ব্যালট পেপার এবং প্রশাসনিক নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
সুষ্ঠু ভোটিং পরিবেশ বজায় রাখতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ইসি ধারাবাহিক বৈঠক করবে বলে জানান এই কমিশনার।
প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষা এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করতেই ইসি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর।