মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলা এবং পরবর্তীতে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তরুণীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রত্না (২৫) বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মোঃ হেলাল উদ্দিন (৪০) সহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার পর মামলা হলে হেলালের সহযোগী তুহিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মূল অভিযুক্ত হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলার ডোন্দিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বাদীর বক্তব্যে জানা যায় , প্রায় তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রত্নার সঙ্গে হেলালের পরিচয় হয়। গড়ে ওঠে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত দেড় বছর ধরে শ্রীপুরের মাওনা এলাকার বিভিন্ন স্থানে হেলাল তার সঙ্গে একাধিকবার শারীরিক মেলামেশা করেন।
তবে সম্পর্কের এক পর্যায়ে হেলালের আচরণ বদলে যেতে থাকে। তিনি রত্নার ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করতে শুরু করেন। লোকলজ্জার ভয়ে প্রায় ছয় মাস আগে রত্না অভিযুক্তকে ১ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা দিলেও হেলালের টাকার চাহিদা ও হুমকি কমেনি।
ভুক্তভোগী নারী জানান, হেলাল কৌশল অবলম্বন করে তার স্বামীর বাড়ি ও আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করে তাকে সামাজিকভাবে হেয় করার ভয় দেখাচ্ছেন। গত ২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে হেলাল ও তার সহযোগীরা রত্নার বর্তমান ঠিকানায় (কাওরাইদ) গিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন,ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর মামলা নেওয়া হয়েছে এ ঘটনায় একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..