খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
দেশের গ্রামীণ সমাজব্যবস্থায় বসবাসরত মানুষ শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্যের প্রতিটি ধাপ পেরিয়ে প্রকৃতির নিয়মে জীবনের শেষ গন্তব্যে পৌঁছান। কিন্তু রাজনৈতিক অবক্ষয় ও প্রতিহিংসার চরম বিস্তার যেন মানুষের মৃত্যুর পরও হিংসার আগুন ছড়াতে দ্বিধাবোধ করছে না। দেশের বর্তমান সামাজিক পরিস্থিতির দিকে তাকালে দৃশ্যমান নানা ঘটনা বিবেকবান মানুষের চিন্তাচেতনাকে বিস্মিত করে তোলে।
মৃত ব্যক্তির যেমন কোনো ক্ষমতা বা প্রতিবাদ করার সুযোগ থাকে না, তেমনি সমাজের অনেক জ্ঞানী ও বিবেকবান মানুষও যেন নীরবতা ও নিষ্ক্রিয়তার শীতল আবরণে নিজেদের গুটিয়ে নিয়েছেন। আধুনিক সমাজব্যবস্থার আড়ালে কিছু ব্যক্তি অপশিক্ষা ও অজ্ঞতাকে পুঁজি করে সমাজসেবকের পরিচয় ধারণ করছেন। জনসমক্ষে উচ্চকণ্ঠে বক্তব্য দিয়ে মানুষের প্রত্যাশা তৈরি করলেও বাস্তবে তাঁদের অনেকের কর্মকাণ্ড জনকল্যাণের পরিবর্তে সাধারণ মানুষের ওপর শাসন ও শোষণের প্রভাব বিস্তার করছে।
এমন নেতৃত্বের কারণে সামাজিক শাসনব্যবস্থা দিন দিন অচল হয়ে পড়ছে। নিজেদের ভুলত্রুটি উপলব্ধি করে সংশোধনের পরিবর্তে কেউ কেউ হিংসাত্মক মনোভাব প্রকাশ করছেন। অন্যায়ের যথাযথ ও বিবেকসম্মত সমাধান না করে পক্ষপাতমূলক আচরণ করছেন। অজ্ঞতার মধ্যে থেকেও নিজেদের জ্ঞানী ও পণ্ডিত হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। অথচ শুধু জ্ঞান থাকলেই একজন মানুষ প্রকৃত জ্ঞানী হয়ে ওঠেন না; সেই জ্ঞানের বিবেকসম্মত প্রয়োগই একজন মানুষকে প্রকৃত মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।
উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের সেচ্ছাসেবীদের তথ্য অনুসন্ধানে জানাযায়,সামাজিকভাবে জনগণের কল্যাণে আত্মনিয়োগকারী মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তিদের মূল্যায়ন অনেক ক্ষেত্রে রাজনৈতিক পদ-পদবিধারী কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হচ্ছে। নিজেদের কূটকৌশল প্রয়োগ করে তাঁরা সমাজের সচেতন মানুষকে নিষ্ক্রিয় করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছেন। অথচ এসব ব্যক্তির অতীত সামাজিক অবদান ও কর্মকাণ্ড পর্যালোচনা করলেই বোঝা সম্ভব, তাঁদের ভূমিকা সমাজের উন্নয়নে কতটা কার্যকর, আর কতটা ক্ষতিকর।
দেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এমন পরিস্থিতির প্রভাব অনুভূত হচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রা, সামাজিক নিরাপত্তা ও পারিবারিক স্বাধীনতা অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের কাছে বাধাগ্রস্ত হচ্ছে। কোনো পরিবার বা সমাজের কর্তাব্যক্তি রাজনৈতিক ক্ষমতার প্রভাবশালী অবস্থানে থাকলে অনেক সময় অন্যায়-অপরাধের বিচার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে পক্ষপাতের অভিযোগ ওঠে। রাজনৈতিক পরিচয় যেন কখনো কখনো অপরাধের দায় থেকে রেহাই পাওয়ার ঢাল হয়ে দাঁড়ায়।
রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতার পালাবদল অনেকটা ভলিবল খেলার মতো। এক পক্ষের পরাজয় ও অন্য পক্ষের বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতার হাতবদল হয়, কিন্তু সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন কতটা ঘটে, সেই প্রশ্ন থেকেই যায়। জনগণ যেন কেবল দর্শকের ভূমিকায় থেকে যায়। রাজনৈতিক প্রতিযোগিতা ও প্রতিহিংসার মাশুল দিতে গিয়ে সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে বিপন্ন ও অনিশ্চিত।
ক্ষণিকের রাজনৈতিক আনন্দ ও ক্ষমতার মোহ যেন মানুষের পুরো জীবনকে অন্ধকারের অতল গভীরে ঠেলে দিচ্ছে। এই ভূখণ্ডে কি এমন কোনো মহৎ নেতৃত্বের আবির্ভাব ঘটবে না, যাঁর প্রজ্ঞা, বিবেক ও নৈতিক সাহসের কাছে সব অপশক্তি পরাজিত হবে? আবার কি জাগ্রত হবে সেই মনীষীদের উত্তরসূরি, যাঁদের জ্ঞান ও বিবেকের আলোয় পথ খুঁজে পাবে আগামী প্রজন্মের নবজাতকেরা?
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবীন রাজনীতিবিদ বলেন,প্রত্যাশা যেন রাজনৈতিক নেতাদের কূটকৌশল ও ব্যক্তিস্বার্থের ভান্ডারে হারিয়ে না যায়। সমাজ থেকে রাজনৈতিক প্রতিহিংসা, হিংসা ও স্বার্থান্বেষী কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে প্রকৃত মানবিক মূল্যবোধসম্পন্ন, বিবেকবান ও দায়িত্বশীল ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে। তাঁদের সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠতে পারে একটি সৃজনশীল, মানবিক ও শৃঙ্খলাপূর্ণ সমাজব্যবস্থা।
প্রতিবেদক খন্দকার মোহাম্মাদ আলী বলেন ,
রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার পরিহার করে ন্যায়বিচার, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই ফিরে আসবে সামাজিক শৃঙ্খলা, জাগ্রত হবে মানুষের প্রকৃত মনুষ্যত্ববোধ। আর একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার মাধ্যমে পূরণ হতে পারে কোটি মানুষের কাঙ্ক্ষিত চাওয়া-পাওয়া ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন।
এ জাতীয় আরো খবর..