মুনিরুল ইসলাম মুনির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশে গুরুত্বারোপ করা হয়।
রোববার বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প (CMSME) খাতের গুরুত্ব তুলে ধরেন। এ সময় শিল্পনীতি-২০২২, উদ্যোক্তা উন্নয়নে বিসিক, বিটিআই (BTI)সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও শিল্প খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো সম্ভব, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বিসিকের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোক্তাদের সহায়তায় পরিচালিত উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে উদ্যোক্তা সৃষ্টি, শিল্প নিবন্ধন, আইআরসি ও ইআরসি, শিল্পনগরীতে প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা এবং ঋণ সহায়তা কার্যক্রম উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা ও শিল্পনগরী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহা. আব্দুর রহিম। তিনি প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য ও গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, উদ্যোক্তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোসা. আফরোজা খাতুন।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। একই সঙ্গে শিল্পায়নের গতি ত্বরান্বিত করা, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধিতে এ প্রশিক্ষণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..