মোঃ সাইদুল ইসলাম হেলাল, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর আত্রাইয়ে অটো-ভ্যান চালককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার পর ভ্যান ছিনতাই করে পালানোর সময় হৃদয় হোসেন (২০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত অটো-ভ্যানটিও উদ্ধার করা হয়।
গতকাল রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত হৃদয় হোসেন উপজেলার ইসলামগাঁথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে। অন্যদিকে, আহত ভ্যানচালকের নাম মো. মেহেদী হাসান মোস্তাক (২৪)। তিনি উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুল আজিজ প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে ৮টার দিকে আহসানগঞ্জ রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি ১২০ টাকা ভাড়ায় ভবানীপুর/ভোপাড়া বাজারে যাওয়ার কথা বলে মেহেদী হাসানের অটো-ভ্যানটি ভাড়া করে। সেখানে গিয়ে দুই-তিন মিনিট অপেক্ষা করার পর ওই যাত্রীদের নিয়েই পুনরায় আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা হন চালক। পথিমধ্যে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠের পাকা রাস্তায় পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীদের একজন পেছন থেকে লোহার রড দিয়ে চালক মেহেদীর মাথায় সজোরে আঘাত করে। অপরজন হাতে আঘাত করলে মেহেদী রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।
এ সময় ছিনতাইকারীরা অটো-ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক পথচারী মোটরসাইকেল আরোহী ঘটনাটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে টহলরত পুলিশকে খবর দেন। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে ছিনতাইকৃত ভ্যানসহ হৃদয় হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে। তবে তার সাথে থাকা অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
আত্রাই থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি দস্যুতার মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হৃদয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ জাতীয় আরো খবর..