নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় ‘জামিয়া আশরাফিয়া মাদরাসা’য় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৬৩ জন শিক্ষার্থীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ওই মাদরাসায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি হওয়া আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ৪ জনকে নিবিড় পর্যবেক্ষণ ও জরুরি চিকিৎসার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং এখনও জরুরি বিভাগে নতুন রোগী আসছেন।
মাদরাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, যে কক্ষে আগুনের সূত্রপাত হয়েছিল, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। কিন্তু মুহূর্তের মধ্যে পুরো ভবন ও কক্ষে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়লে শ্বাসকষ্ট ও আতঙ্কে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদরাসায় একাধিক সিঁড়ি থাকার কারণে অন্য শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে নিরাপদে বের হতে পেরেছে।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে।