সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময়ে ট্রাকের ধাক্কায় ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ২১ জন। বৃহস্পতিবার (১ অক্টোবর ) মধ্যরাতে ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, বুলঢানার শেগাঁও থেকে দুর্গা প্রতিমা নিয়ে ওয়ার্ধার দিকে যাচ্ছিল একটি টেম্পো।
তাতে কমবেশি ৩৫ জন ছিলেন। উল্টো দিক থেকে তীব্র গতিতে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে টেম্পোটিকে। ছিটকে পড়েন বেশ কয়েকজন।
ঘটনাস্থলে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
আহতদের ধামনগাঁও গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। ২১ জনের চিকিৎসা চলছে। ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। কিভাবে সংঘর্ষ ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। মৃত ও আহতদের বিস্তারিত পরিচয় জানার কাজ চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ জাতীয় আরো খবর..